১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,গ্রীষ্মকাল

প্রচ্ছদ > মেহেরপুরে পতিত জমিতে জনপ্রিয় হচ্ছে বস্তায় আদা চাষ পদ্ধতি

মেহেরপুরে , বস্তায় আদা চাষ

মেহেরপুরে পতিত জমিতে জনপ্রিয় হচ্ছে বস্তায় আদা চাষ পদ্ধতি

মেহেরপুরে বাড়ির উঠান কিংবা রাস্তার পাশে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে অনেক কৃষকের ভাগ্য পরিবর্তন হচ্ছে। সম্প্রতি জেলায় জনপ্রিয় হয়ে উঠেছে বস্তায় আদা চাষ। এ পদ্ধতিতে কম জায়গা, কম খরচ এবং সহজে পরিচর্যার মাধ্যমে ভালো ফলন পাওয়া যায়। যা প্রচলিত চাষপদ্ধতির চেয়ে বেশি লাভজনক। একদিকে উৎপাদন বাড়ছে, অন্যদিকে কমবে আদার আমদানি।কম খরচে বেশি লাভ, কম পরিশ্রম এবং সহজ পরিচর্যার কারণে কৃষকদের আগ্রহ বাড়ছে।

কৃষকেরা জানান, নিজেদের বাড়ির পাশে, উঠানে কিংবা অনাবাদি জমিতে বস্তা ব্যবহার করে আদা চাষ করছেন। প্রতি বস্তায় ৭-৮ কেজি মাটি ও জৈব সার মিশিয়ে আদা রোপণ করা হচ্ছে। সময়মতো পানি ও ছায়ার ব্যবস্থা করলে খুব সহজেই ভালো ফলন পাওয়া যায় বলে জানান তারা।

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের কৃষক তোফাজ্জেল হোসেন চঞ্চল বলেন, ‘এক হাজার সাতশ বস্তায় এবার প্রাথমিকভাবে আদা চাষ করেছি। খরচ কম, ঝুঁকি কম আবার বাজারে আদার দাম ভালো থাকায় যথেষ্ট লাভ হবে। আগামীতে আরও বেশি চাষ করবো। কারণ প্রতি বস্তায় আদা চাষে খরচ হয় মাত্র ৬০ টাকা। যেখানে প্রতি বস্তায় ফলন পাওয়া যায় দেড় থেকে দুই কেজি।’

বাজারে আদার চাহিদা ও মূল্য পরিস্থিতি জানতে চাইলে স্থানীয় ব্যবসায়ী আব্দুস সামাদ জানান, উৎপাদিত আদা এখন বাজারে ভালো দামে বিক্রি হচ্ছে এবং চাহিদাও অনেক।

মুজিবনগর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিম হোসেন জানান, কৃষকদের পতিত ও অনাবাদি জমিতে বস্তায় আদা চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। এতে উদ্বুদ্ধ হয়ে ব্লকের বেশ কয়েকজন কৃষক বস্তায় আদা চাষ করছেন। প্রতি বস্তায় আদা চাষে কৃষকদের ব্যয় হয় মাত্র ৫০ থেকে ৬০ টাকা।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সামসুল আলম বলেন, ‘বস্তায় আদা চাষ সময়োপযোগী ও লাভজনক। এতে অনাবাদি জমি কাজে লাগানো যায়। অল্প পরিসরে বাড়ির আশপাশে চাষ সম্ভব। আমরা কৃষকদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিচ্ছি।’

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সামসুল আলম আরও জানান  ‘এ ধরনের কৃষিভিত্তিক উদ্যোগ ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায়ও পতিত জমি চাষের আওতায় এনে টেকসই কৃষি উন্নয়ন সম্ভব হবে। জেলায় এ বছর ২৮ হাজার ৪০০ বস্তায় আদা চাষ হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *